রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর তিন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী মহানগরীর দামকুড়া, বেলপুকুর ও কাটাখালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দামকুড়া থানা পুলিশ বেড়পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলাল হোসেনকে (২৭) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আদালতে অপরাধ স্বীকার করলে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, বেলপুকুর থানা পুলিশ বড় ধাদাশ গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুল মজিদ আলীর ছেলে আব্দুল মতিনকে (৪০) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। আদালতে অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কাটাখালি থানা পুলিশ হাজরাপুকুর উত্তরপাড়া গ্রামের তামিমের (২৩) বাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং একই গ্রামের মোকসেদ আলীর ছেলে হাসিবুল ইসলাম (২৮) ও মিরকামারী গ্রামের মনিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান অন্তরকে (২০) মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে আদালতে অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ২০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।