চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার রাতে সদর উপজেলার খিন্নিতলা গণশাপাড়া গ্রামে পরিচালিত অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসি। অভিযানে আকবর আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

আটক আকবর আলী (৫৯) সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খিন্নিতলা গণশাপাড়া গ্রামের মৃত তাইনুস আলী ও মৃত বানুর ছেলে।

উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌণে ১১টায় জেলার সদর উপজেলার খিন্নিতলা গণশাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন দল বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আকবর আলীর বসতবাড়ি থেকে নিষিদ্ধ মাদক ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

উপপরিচালক আরো জানান, এ ঘটনায় উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক আকবরের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।