নওগাঁয় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী ও চুরি হওয়া একটি ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার (১নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা, নওগাঁ সদর ও বদলগাছী এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এদিকে গত ২৬ নভেম্বর নওগাঁ শহরের গোস্তহাটি থেকে মধু বিক্রির কথা বলে প্রতারক চক্রের ভাড়ায় চালিত ভ্যান চুরির ঘটনায় নাটোর থেকে চোরাই ভ্যানসহ দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়।

এসপি আরও বলেন, গত এক মাসে বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫১৭টি মিসিং মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।