রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ মোঃ ফারুক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ৫ নম্বর গ্রামের শহিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ ৩০ অক্টোবর বিকেল ৪টা থেকে গোদাগাড়ী রাজাবাড়ী হাট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ১০টা ১০ মিনিটে ফারুককে আটক করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।