বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতের গুড়। এই ঐতিহ্য সংরক্ষণ, দেশীয় পণ্যের প্রচার-প্রসার এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে নাটোরে অনুষ্ঠিত হয়েছে ‘গুড় উৎসব-২০২৬’।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, নাটোরের ঐতিহ্যবাহী গুড়সহ দেশীয় পণ্যের গুণগত মান ও সম্ভাবনা তুলে ধরা, উৎপাদনকারী ও বিপণনের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং এসব পণ্যের বাজার সম্প্রসারণই উৎসবের মূল লক্ষ্য। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন তাঁরা।
উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার বলেন, দেশীয় পণ্যের ঐতিহ্য ও সম্ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি নাটোরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উৎসবে স্থানীয় উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত গুড় ও বিভিন্ন দেশীয় পণ্য নিয়ে অংশ নেন। তাঁদের উদ্যোগ, অভিজ্ঞতা ও পণ্যের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়।