সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাধারণ সম্পাদক পদে লড়াই দুই প্রার্থীর। 
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. রফিকুল ইসলাম তোতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে সংগঠনটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে । নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৫৫ জন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম পাখি (টিয়া পাখি প্রতীক) ও মো. সুমন (হারিকেন প্রতীক)। এ ছাড়া অন্যান্য পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদকে ঘিরে শ্রমিকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা গেছে। ভোটগ্রহণ শেষে গণনা করে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের ফলাফল ঘোষণা করা হবে।