রাজশাহীতে এসআরবির অভিযানে পিকআপে করে পাচারের সময় ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫ এর একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার তিনজন হলেন- মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের ইব্রাহিম খান (৪০) এবং সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের জামাল মিয়া (২৭)।
শনিবার সকালে এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ওই পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে এসআরবি সদস্যরা গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালান।সংবাদ পড়ুন
জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন আরোহীরা। পরে পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকসহ ওই তিনজনকে বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।