‎পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।‎

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কৈডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। জেলা এনএসআই পাবনার  তথ্য ও সহযোগিতায় ‎ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎অভিযানে কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা (অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড) ও  একই গ্রামের মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড) দেওয়া হয়।

‎অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল, ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।