চার দিন আগে নিখোঁজ হওয়ার পর সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকার শেষ প্রান্তে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম খোকন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার দিন আগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।