নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যক্তিকে পৃথক মামলায় দুই ও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অঅজ শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার হলুদঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ সংঘটনের দায়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নলডাঙ্গা রেল কলোনির মৃত রবি চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র (৩০) ও হলুদঘর এলাকার সাইদুল রহমানের ছেলে রতন ইসলাম (২৬)। পলাশকে দুই মাস এবং রতনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এসআই মো. হাসান মাহমুদ। নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ার জাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।