কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন নেভাতে নিষেধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় মোহাম্মদ আব্দুল্লাহর বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীরে নলকূপ খননের সময় গ্যাস ও পানি বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে আগুন জ্বলছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান এবং দিয়াশলাই-লাইটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বাপেক্সের বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ১৫ দিন গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করা হবে। স্বাভাবিকভাবে গ্যাস নির্গমন বন্ধ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। এদিকে আগুনের তাপে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দেওয়ায় বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।