রাজশাহীতে পুলিশ ও এসআরবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ২১জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পবা থানার ছোট ভালাম জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে মোসা. মিতালী বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল গণির মেয়ে ও মোকছেদ আলীর স্ত্রী। তাঁর বসতবাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩০০ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আগে একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আকাশ আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার উপর ভদ্রা গ্রামের ছাদের আলীর ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সাজদার আলীর ছেলে সাগর মিয়া (৩২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকাশ ও পলাতক সাগর পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।
এদিকে, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবির সদস্যরা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করার সময় একজন মাদক প্রিভেল ইসলামকে (২৮) আটক করে। পরে তার কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার হয়।
এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।