উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে মোহাম্মদ শান্ত ইসলাম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান্ত ইসলাম ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোজ্জামেল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৫-১৬ জন মাদ্রাসাছাত্রের একটি দল ইনানী সৈকতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সাগরে গোসল করতে নামে।

একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন শিক্ষার্থী ভেসে যেতে থাকে। এ সময় সৈকতে থাকা লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকে শান্ত। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।