নাটোরের গুরুদাসপুরে ধানখেতে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল মুন্সীকে (৫০) ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি)। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার সদর উপজেলার কাঠালবাড়িয়া নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল মুন্সী নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মালিপাড়া এলাকার মৃত তাজেল মুন্সীর ছেলে। এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের গাইনের বিল এলাকায় আরিফুর ইসলামের পুকুরে পোষা ছাগলের জন্য ঘাস কাটতে যান ওই নারী। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন রবিউল মুন্সীকে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় শরীরে কাদা মাখা নিয়ে মাঠ থেকে দ্রুত চলে যেতে দেখেন।
ওই নারী বাড়িতে ফিরে না আসায় এবং রবিউলকে কাদামাখা অবস্থায় যেতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা মাঠে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে মামুদপুর গ্রামের একটি আবাদি ধানখেতে কলাপাতা দিয়ে আংশিক ঢাকা ও কাদার মধ্যে ডোবানো অবস্থায় ওই নারীর মরদেহ পাওয়া যায়।
পরে মরদেহ শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহত নারীর ছেলে ও সাক্ষীদের উপস্থিতিতে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করা হয়।
এসআরবি-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিউল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার রবিউল মুন্সীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।