ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর আগে সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। কোথাও কোনো ধরনের সহিংস পরিস্থিতি ঘটেনি। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটারদের পরিচয় যাচাই করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এদিন সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কার্যালয়। তবে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনো জানা যায়নি।
বিভিন্ন বয়সী ভাটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বয়সের ভারে ন্যুব্জ ৮০ বছর বয়সী নুরজাহান বেগম ভাতিজির হাত ধরে আসেন ভোটকেন্দ্রে। ভোট দিতে আসার অনুভূতি জানিয়ে তিনি ঢাকা পোস্টকে বলেন, বয়স হয়েছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে। ঠিকমতো চলাফেরা করতে পারি না। তবুও আজ ভোট দিতে এসেছি ভাতিজির হাত ধরে।
এ ছাড়া তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে কেউ কেউ আপ্লুত হয়ে পড়েন। আবার অনেকেই আট মাসের ব্যাবধানে দ্বিতীয়বার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর কেউ কেউ সেই মুহূর্তের স্মৃতি ধরে রাখতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।
আবু বক্কর সিদ্দিক নামে তরুণ ভোটার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি ভোটার হলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। কিন্তু এবার আট মাসের ব্যবধানে দুইবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য সত্যিই আনন্দের। তাই এই মুহূর্তটিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে ফেসবুকে শেয়ার করেছি।
‘কখনো ভাবিনি, একই আসনে কয়েক মাসের ব্যবধানে দুইবার ভোট দিতে পারব। নতুন ভোটার হিসেবে এবার ভোট দেওয়ার অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করেছি। আগে শুনেছি, ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারতেন না, কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যেত। কিন্তু এবার ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভোটারদের জন্য কেন্দ্র অপেক্ষা করছে এমন অনুভূতি সত্যিই ভালো লাগার।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক নতুন নারী ভোটার এভাবেই তার অনুভূতি প্রকাশ করেন।