রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে হেরোইন, ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জে মোট ৫১টি মামলা হয়েছে। এর মধ্যে খুনের মামলা একটি, চুরির মামলা তিনটি এবং অন্যান্য খাতে ৪৭টি মামলা রয়েছে। এ সময়ে ডাকাতি, দস্যুতা, ধর্ষণজনিত হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। এ ছাড়া আটজন নিখোঁজ হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২৬ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৪৬ জন, সাজাপ্রাপ্ত ১৩ জন, তদন্তাধীন মামলার আসামি ৫৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় গ্রেপ্তার ১২ জন।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে তিন গ্রাম হেরোইন, ১২৬টি ইয়াবা, তিন কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ সময়ে চোরাচালানপণ্য উদ্ধারের কোনো তথ্য নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ও উদ্ধারের উদ্দেশ্যে গত ২৪ ঘণ্টায় ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে ৬৯৬ জনকে সেবাপ্রদান করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত সেবাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০১ জনে।