সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ মিছিল বের করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার সামনে রেখে কয়েকজন সড়কে মিছিল করছেন। মিছিলে আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাঁদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলের সামনেই পুলিশের একটি টহল গাড়ি চলাচল করতে দেখা যায়। ভিডিওতে পুলিশকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্যও রয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে মিছিলটি অনুষ্ঠিত হলো, তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। একই সঙ্গে টহল পুলিশের দায়িত্ব পালন এবং সংশ্লিষ্ট থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার সন্ধ্যায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার তাঁকে বিষয়টি অবহিত করেছেন। ঘটনার সময় টহল পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের থানার কর্মকর্তাদের ভূমিকা নিয়েও তদন্ত করা হবে। তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে মিছিলটি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁকে খুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা নির্ধারণ করা হবে।