চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা জোড়ামতল এলাকায় রেলওয়ের জায়গা থেকে ৫০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা প্রায় চার দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। তবে পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাঁদের উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে কেওয়াইসিআর ইন্ডাস্ট্রির সংলগ্ন রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে তিন শতাধিক পরিবার বসবাস করে আসছে। সেখানে তাঁদের ঘরবাড়ি, ছোট ব্যবসাপ্রতিষ্ঠানসহ জীবিকা নির্বাহের বিভিন্ন অবকাঠামো রয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, একটি অসাধু চক্র তাঁদের উচ্ছেদ করে ওই জায়গা কেওয়াইসিআর ইন্ডাস্ট্রিকে বুঝিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তৎপরতা চালাচ্ছে। এর অংশ হিসেবেই কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি তাঁদের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তাঁরা বংশপরম্পরায় প্রায় ৪০ বছর ধরে সেখানে বসবাস করছেন। হঠাৎ উচ্ছেদের কারণে তাঁদের ঘরবাড়ি ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজেদের শেষ আশ্রয়টুকু রক্ষায় তাঁরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও জানান।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর দুপুরে একই এলাকায় রেলওয়ের জায়গা উচ্ছেদ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন ম্যাজিস্ট্রেট। তখন বাসিন্দাদের প্রতিবাদ ও অবস্থানের কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে অভিযান স্থগিত করে ফিরে যায়। এর এক মাস পাঁচ দিন পর বুধবার আবারও অভিযান চালিয়ে ৫০টি পরিবারকে উচ্ছেদ করা হয়।
এদিকে, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অভিযোগের বিষয়ে কেওয়াইসিআর ইন্ডাস্ট্রির প্রশাসনিক কর্মকর্তা ইমরান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের বক্তব্য এবং উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।