নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন তিনি। এদিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় তাঁর ছেলে নুরুজ্জামান মিন্টু গ্রেপ্তার হয়ে তিন দিনের রিমান্ডে রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপির এমপি আবদুল আজিজের দাবি, রাজনৈতিকভাবে হেয় করতে প্রতিপক্ষ এআইয়ের মাধ্যমে ভিডিওটি তৈরি করেছে।
এর আগে শাকিল ইসলাম হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়েন এমপি আবদুল আজিজ। এ সময় তিনি বলেন, তাঁর ছেলে জড়িত থাকলেও তিনি ছেলের নয়, শাকিলের পক্ষেই থাকবেন। পরে নিহতের পরিবারকে ব্যক্তিগতভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।
জানাজা শেষে চাঁচকৈড় বাজারে ‘রাশ আরবান স্টাইল’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শাকিলের বাবা রবিউল করিম গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলছে।