রাজশাহীর পুঠিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিমন আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কার্তিকপাড়া বাজার থেকে রাতোয়ালগামী কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিমন আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাস পূর্বপাড়া গ্রামের মো. বুলবুল আহমেদের ছেলে। পলাতক সহযোগীর নাম মো. মাইনুল ইসলাম (২২)। তিনি একই এলাকার মো. মাহাবুলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিনের নেতৃত্বে একটি দল পুঠিয়ার ধোপাপাড়া বাজার এলাকায় মাদক উদ্ধারের অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শিলমাড়িয়া ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কার্তিকপাড়া বাজার থেকে রাতোয়ালগামী কাঁচা রাস্তার পাশে আলতাব মেম্বারের আবাদি জমির কাছে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় লিমন আলীকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হয়। তাঁর পরা জিনসের প্যান্টের সামনের ডান পকেটে নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা ১০০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তবে তাঁর সহযোগী মাইনুল ইসলাম কৌশলে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার লিমন আলী ও পলাতক মাইনুল ইসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।