রাজশাহীর পুঠিয়ায় তিন কেজি গাঁজাসহ দীন মোহাম্মদ অন্তর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার খুটিপাড়া পোল্লাপুকুর এলাকায় একটি ডাউল মিলের পেছনে ফাঁকা জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দীন মোহাম্মদ অন্তর রাজশাহীর বেলপুকুর থানার ভাংড়া গ্রামের সাবান আলীর ছেলে।

রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল পুঠিয়ার বানেশ্বর বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুটিপাড়া পোল্লাপুকুর এলাকায় জুয়েল রানার ডাউল মিলের পেছনে ফাঁকা জায়গায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে রাত ৮টা ২৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।

পরে বিধি অনুযায়ী তাঁর দেহ তল্লাশি করে পুরোনো সাদা রঙের একটি বাজারের ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দীন মোহাম্মদ অন্তরের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।