রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, সংরক্ষণ এবং কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের মো. তারা মিয়া সুজনের ছেলে মো. রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) এবং একই এলাকার মো. মোকসেদ আলীর ছেলে মো. মারুফ হোসেন (২৩)। রিয়াদ বর্তমানে মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গত (২৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালায় মহানগর ডিবি পুলিশের একটি দল। এ সময় রিয়াদের বসতঘর থেকে ওই মামলায় চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁর হেফাজত থেকে আরও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে অন্য একটি মামলায় চুরি যাওয়া আরও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রিয়াদ জানান, তিনি নিয়মিত চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রির জন্য বন্ধু মারুফের কাছে সরবরাহ করতেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে অভিযান চালিয়ে মারুফের হেফাজত থেকে আরও একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের হেফাজত থেকে দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, নিজেদের হেফাজতে রাখা এবং কেনাবেচার সঙ্গে জড়িত।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।