রাজশাহীর কাটাখালীতে মাটির গর্তে লুকিয়ে রাখা ২০ বোতল ফেয়ারডিল ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহী ক্যাম্পের সিপিএসসি। বুধবার (২৮ অক্টোবর) ভোরে কাটাখালী থানার নতুন ইমাদপুর গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, নতুন ইমাদপুর গ্রামে মাটির গর্তে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে- এমন গোপন সূত্রে তথ্য পেয়ে বুধবার ভোর ৪টা ১০ মিনিটে সেখানে অভিযান চালায় এসআরবির একটি আভিযানিক দল। এ সময় টর্চ ও সার্চলাইটের সাহায্যে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি ভবনের পশ্চিম পাশের গলিতে সন্দেহজনক মাটির গর্ত দেখতে পান সদস্যরা।

পরে গর্তের মাটি খুঁড়ে একটি পলিথিনের ব্যাগ থেকে ২০ বোতল ফেয়ারডিল ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সেগুলো হস্তান্তর করা হয়েছে।