নাটোরের বড়াইগ্রামে ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাস থেকে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় নয়ন মিয়া (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের লায়লার মোড় এলাকায় বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের ই-১ নম্বর আসনের পাশে বসা নয়ন মিয়ার দুই হাঁটুর ওপর রাখা একটি সিনথেটিক হাতব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে লাল রঙের শপিং ব্যাগে বড় পলিথিনের প্যাকেটে এসব মাদক রাখা ছিল।

উদ্ধার করা ইয়াবার সংখ্যা ১৭ হাজার ৭০০ পিস, যার মোট ওজন ১ কেজি ৭০০ গ্রাম। এ সময় বাসের একটি যাত্রী টিকিটও জব্দ করা হয়।

গ্রেপ্তার নয়ন মিয়া ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. দুলাল মিয়া এবং মায়ের নাম মোছা. মোরশেদা বেগম।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বলেন, “অভিযানে বাসের এক যাত্রীর কাছ থেকে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

অধিদপ্তরের নাটোর কার্যালয়ের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক পাচার ও মাদকের অপব্যবহার রোধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় উপপরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।