রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। 

এ সময় মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৪২০ টাকা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিদেশি পিস্তলসদৃশ একটি ফায়ার লাইটার জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক সেবন ও সংরক্ষণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আরএমপির এয়ারপোর্ট থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে এয়ারপোর্ট থানা পুলিশ দুজনকে এবং মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাঝিগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত আসোব আলীর ছেলে মো. সিদ্দীক (৪৫) এবং মাঝিগ্রাম উত্তরপাড়া গ্রামের মো. নছিম উদ্দীনের ছেলে মো. সোহাগ আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ও পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ এক হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

একই দিন রাত ১১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি উত্তরপাড়া গ্রামের মো. মামুন আলীর ছেলে মো. শামীম আহমেদ ওরফে শামীমকে (৩৭) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৭৫০ টাকা এবং বিদেশি পিস্তলসদৃশ একটি ফায়ার লাইটার জব্দ করা হয়। পুলিশ জানায়, শামীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, জুয়া আইনে একটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এদিকে, গত ২৬ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে দামকুড়া থানার জোতরাবন গ্রামে মাদক সেবনরত অবস্থায় স্থানীয় লোকজন মো. মানিক (৩২) ও মো. নাহিদুল ইসলামকে (৪২) আটক করেন। মানিক ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং নাহিদুল ইসলাম মৃত আব্দুল মজিদ শাহের ছেলে। খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

অন্যদিকে, গত ২৭ অক্টোবর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মো. মমিনের ছেলে মো. মশিউর ইসলামকে (২২) ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও সংরক্ষণের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।