নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সোহাগ আলী (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি) এর সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আটটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহাগ ওই গ্রামের নজরুল মন্ডলের ছেলে।
রাজশাহী এসআরবি-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, সোহাগ একাধিক ভুয়া ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অডিও ভয়েস রেকর্ড এবং ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
অভিযানকালে মোহরকয়া গ্রামে সোহাগের বাবার বাড়ির নির্মাণাধীন টিনের ছাপড়াঘরে তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও আটটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের সামনে সেগুলো জব্দ করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ছাড়া ওই স্থানে মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ইয়াবা সেবন করতেন বলেও স্বীকার করেছেন।
গ্রেপ্তার সোহাগের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।