নারায়নগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের (২৫) মৃত্যুর ঘটনায় তার স্বামী নাজমুল আলমসহ সাতজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেছেন নিহতের বাবা। যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে করা মামলায় ফারজানার মৃত্যুর পেছনে পারিবারিক কলহকে দায়ী করেছেন বাদী।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। তিনি বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেছেন। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে ফারজানার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন, আব্দুর রহিম (৫০), আফরোজা বেগম (৪৫), সায়মা আক্তার (২৫), রাসেল (৪২), সাইফুল আলম (৩৬) ও রোকেয়া বেগম (৬৮)। তাদের মধ্যে আফরোজা নিহতের স্বামীর বোন, সায়মা তার স্বামীর ভাইয়ের স্ত্রী, রাসেল স্বামীর ভাই এবং রোকেয়া তার শাশুড়ি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে পারিবারিক সম্মতিতে ৭ লাখ টাকা দেনমোহরে নাজমুল আলমের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর তারা কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকতেন। প্রায় দেড় বছর আগে নাজমুল মুন্সিগঞ্জের একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে সেখানে বাসা ভাড়া নেন। ফারজানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তিনি স্বামীর কাছে যেতেন।
এজাহারে রফিকুল ইসলাম দাবি করেন, মেয়ের স্বামীকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতা করেছেন তিনি। পরে আসামিরা ফারজানার কাছে যৌতুক দাবি করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। এসব বিষয়ে ফারজানা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।
এ নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি সি. আর. মামলা করেছিলেন ফারজানা। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে আবারও সংসার শুরু করেন তারা।
এজাহার অনুযায়ী, প্রায় দুই মাস আগে নাজমুল এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এক্সিকিউটিভ পদে চাকরি পেয়ে ফতুল্লার ভূইগড় এলাকায় বাসা ভাড়া নেন। চলতি মাসের ২০ অক্টোবর ফারজানা ওই বাসায় যান।
বাদীর অভিযোগ, ঘটনার দিন বিকেলে ফারজানার স্বামীর বোনজামাই তার ছেলেকে ফোন করে আদালতে করা মামলা নিয়ে জানতে চান। পরে রাত ৯টার দিকে তিনি রফিকুল ইসলামকে ফোন করে জানান, ফারজানা শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় আদালতে করা মামলা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি এবং ফারজানাকে মরে যেতে বলার বিষয়টি জানতে পারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার ভূইগড় কবরস্থান রোডে দেলোয়ারের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে ফারজানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শয়নকক্ষের বিছানার ওপর একটি চিরকুট পাওয়া যায়। সেখানে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার কথা লেখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। একই ঘটনায় ফারজানার স্বামী নাজমুল আলমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।