রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।

স্থানীয় লোকজনের অভিযোগ, তাঁরা একটি অটোরিকশা চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রোববার ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি চোর সন্দেহে দুই ব্যক্তিকে ধাওয়া করেন। তাঁদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়।

এরপর স্থানীয় লোকজন বিভিন্ন দিক থেকে তাঁদের ধাওয়া করেন। স্থানীয়দের দাবি, দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। প্রায় এক কিলোমিটার ধাওয়া করার পর তাঁদের ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। এ সময় মারধরে তাঁদের মৃত্যু হয়।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল বলেন, বাথরুমের মেঝে ঢালাইয়ের জন্য আগের রাতে দুই বস্তা সিমেন্ট এনেছিলেন। সেগুলো অটোরিকশায় রাখা ছিল। ভোর চারটার দিকে উঠে অটোরিকশাটি চার্জে দিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়েন।

সোহেল বলেন, কিছুক্ষণ পর তাঁর ছোট মেয়ে কান্না শুরু করলে তিনি তাকে ঘুম পাড়াচ্ছিলেন। এ সময় চোরেরা অটোরিকশা রাখার ঘরের তালা কেটে ভেতরে ঢোকে। প্রথমে তাঁর ঘরের দরজায় দুবার আঘাত করে। পরে স্ত্রী তাঁকে অটোরিকশা নিয়ে যাওয়ার বিষয়টি জানালে তিনি বিছানা থেকে উঠে বারান্দা দিয়ে বের হন।

তিনি আরও বলেন, অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় তিনি পেছন থেকে ধরে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে অটোরিকশা ছেড়ে চিৎকার শুরু করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজনকে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে বলা হয়। পরে তিনি জানতে পারেন, তাঁদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্যানেলের কাছে পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তিদের মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ দুটির সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে আসা হয়েছে।