রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ড্রোনটির উৎস ও পরিচালনাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা রঙের আলো জ্বালানো অবস্থায় একটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। এ সময় সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান নেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। একপর্যায়ে ড্রোনটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার আকাশের দিকে তাক করে রাইফেল দিয়ে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, কারা এটি পরিচালনা করছিল কিংবা গুলিতে ড্রোনটির কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।
এরই মধ্যে সীমান্তের আকাশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে সীমান্তে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।