পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে পড়ে মামাতো ও ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।
নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত একমাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। দীর্ঘদিন ধরেই তিনি বাবার বাড়িতেই ছিলেন । শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় তারা বাড়ির পাশের পুকুরের পাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়।
এ সময় তারা পুকুর পাড়ের কাছাকাছি গেছে পাড় পিচ্ছিল হওয়ায় তারা দুইজনেই পানিতে পড়ে যায়। তবে দীর্ঘ সময় তারা বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে গেলে প্রথমে রাইসাকে উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়। পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুদের মরদেহ সুরতহাল করে পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।