মুখে ড্রোনের আঘাত পেয়েছেন বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এর গায়িকা রেবলে। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে গান থামিয়ে মঞ্চ ছেড়ে চলে যান ভারতীয় এই গায়িকা। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের গুয়াহাটির হাতিশিলায় ‘পালস ২০২৬ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবলে। এ সময় জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি’ পরিবেশনের পাশাপাশি মঞ্চে নাচছিলেন তিনি। হঠাৎ একটি ড্রোন উড়ে এসে তার মুখে আঘাত করে পড়ে যায়।
আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে যান গায়িকা। এরপর গান থামিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান তিনি। অনুষ্ঠানে উপস্থিত এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী জামান ডায়েরিজ ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রেবলের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি গায়িকা।
মেঘালয়ের বাসিন্দা রেবলে সম্প্রতি বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে পরিচিতি পেয়েছেন। সিনেমাটিতে তার গাওয়া তিনটি গান হলো ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’, ‘মুভ-ইয়ে ইশক ইশক’ ও ‘নাল নাচনা’।
এর আগে ২০২৩ সালে চেন্নাইয়ের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করার সময় ড্রোনের আঘাতে আহত হয়েছিলেন গায়ক বেনি দয়াল। মাথার পেছনে ও আঙুলে চোট পেয়েছিলেন তিনি। একই বছর ড্রোনের আঘাতে আহত হন গায়িকা নিকিতা গান্ধীও। রেবলের এ ঘটনার পর ভারতে লাইভ অনুষ্ঠানে ড্রোন ব্যবহারের নিরাপত্তা এবং দক্ষ অপারেটর নিয়োগের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।