২০১১ সালে শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়নে গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন এই জুটি। এবার তাদের দেখা গেল শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর ‘ড্যাডি কুল’ গানে। তবে গানটি একেবারে নতুন নয়; ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এম. এর জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটিকেই নতুন করে বলিউডি সংস্করণে উপস্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা প্রকাশ হয় গানটির ‘কিং ভার্সন’। আর সঙ্গে সঙ্গেই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি। তবে পুরোনো সেই জুটির পুনর্মিলন দর্শকের নস্টালজিয়ায় নিয়ে গেলেও গানটির নাচ ও উপস্থাপনায় নতুনত্বের অভাব দেখেছেন অনেকে।
‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ এর সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শিল্পা রাও। নাচের দৃশ্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
গানটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারওৃ গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’
গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাহরুখ-কারিনার পুরোনো জুটি ফিরে আসায় অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক দর্শক লিখেছেন, ‘ডন’ সিনেমার আগে শাহরুখ ও কারিনাকে ‘ইয়ে মেরা দিল’ গানে দেখা গেছে, এরপর ‘চাম্মাক চাল্লো’, এবার ‘কিং’-এর ‘ড্যাডি কুল’। কিছু জুটি কখনো পুরোনো হয় না, তাদের রসায়নেও সেই নস্টালজিয়া রয়েছে।’
শাহরুখের পর্দায় উপস্থিতি নিয়েও প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘কারিনা পর্দায় থাকলেও চোখ সরানো যাচ্ছে না শাহরুখের দিক থেকে।’ আরেকজনের মন্তব্য, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখের জনপ্রিয়তাও যেন বাড়ছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতি নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন দর্শকেরা।
তবে সবাই যে গানটি নিয়ে সন্তুষ্ট, তা নয়। কেউ কেউ নাচের মুদ্রা ও পরিবেশনায় নতুনত্বের অভাবের কথা বলেছেন। এক দর্শকের মন্তব্য, ‘একই নাচের ধাপ, একই পরিবেশনা, পুরোনো ধরন। ৩০ বছর ধরে এমনটাই দেখে আসছি।’ আরেকজন গানটির কথার সঙ্গে সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ নিয়ে কেউ প্রশংসা করেছেন, আবার একজন মজা করে লিখেছেন, ‘অরিজিৎ কেন প্লেব্যাক ছাড়ছেন, আজ বুঝলাম!’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার দ্বিতীয় গান এটি। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘কিং’। অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ, দীপিকা ছাড়াও এতে অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।