রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তির দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার পদ্মা নদীর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া ও লক্ষ্মীনগরে অভিযান পরিচালনা করে এ্ই জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার পদ্মা নদীর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া ও লক্ষ্মীনগরে পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর গ্রামের শাহজামাল (৫০) নামের এক ব্যক্তি দীঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সল তালুকদারের নেতৃত্বে পুলিশ, আনসার, বিজিবি ও নৌপুলিশের মাদক, চোরাচালান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধকল্পে টাস্কফোর্স ৪০ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহজামালের দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সল তালুকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শাহজামালকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।