নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন শাখার রুকন (সদস্য) পল্লী চিকিৎসক মোহাম্মদ আসলাম আলী প্রামানিককে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলাম আলী প্রামানিককে কালিকাপুর ইউনিয়ন শাখার সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সাংগঠনিক স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, এ সিদ্ধান্তের বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। আসলাম আলী প্রামানিকের দীর্ঘ ৩৬ বছরের জামায়াতের রাজনীতির পথচলা, ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের দায়িত্ব পালন এবং সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের সদস্য (রুকন) হিসেবে ভূমিকা রাখার পর শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় সব পদ-পদবি থেকে বিদায় নেওয়ার কথা জানা গেছে।
তবে একদিকে স্বেচ্ছায় পদত্যাগের কথা বলা হলেও অন্যদিকে উপজেলা জামায়াতের বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. মাওলানা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।