শব্দের মিনার আর ছন্দের কলতানে বগুড়ার আকাশে-বাতাসে যেন নেমে এসেছে এক উৎসবের শরৎ-হেমন্ত। বাংলার নানা প্রান্ত থেকে ছুটে আসা দুই শতাধিক কবি ও সাহিত্যিকের পদচারণায় শুক্রবার শুরু হয়েছে বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষের আবহে এবারের আসরে বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের চেতনা আর সৃজনশীলতাকে বিশেষ শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
উদ্বোধনের আগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বের করা হয় বর্ণাঢ্য ‘কবি র্যালি’। ছন্দ, গান আর প্রাণের উচ্ছ্বাসে মুখর সেই শোভাযাত্রায় কবি-সাহিত্যিক ও অতিথিরা নেচে-গেয়ে মিলনমেলাকে রাঙিয়ে তোলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আইনজীবী পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ।
পুরো আয়োজনটি সাবলীলভাবে সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী মাহফুজ ফারুক।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন।
পারিবারিক কারণে উপস্থিত থাকতে না পারলেও সম্মেলন উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
উদ্বোধনের পর একযোগে উন্মোচিত হয় সৃজনের নতুন সব সোপান—বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, সম্মেলনের স্মরণিকা, দুটি সেমিনার পেপার এবং কবি মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’।
তিন দিনের এই সাহিত্য-যজ্ঞে উদ্বোধনী ও সমাপনী পর্বের পাশাপাশি থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের আসর। দ্বিতীয় দিন শনিবার বিকেল চারটায় সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। আর শেষ দিনে কবিরা ঘুরে দেখবেন জিয়াবাড়ি ও মমইন।
সম্মেলনকে ঘিরে জেলা পরিষদ চত্বরে জমে উঠেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির গ্রন্থসম্ভারের পাশাপাশি মিলছে শীতের আমেজমাখা পিঠা। অন্যদিকে বগুড়া লেখক চক্রের স্টলে সাজানো হয়েছে জাতীয় ও স্থানীয় লেখকদের বই এবং নানা লিটল ম্যাগাজিন।
প্রথম দিনে উদ্বোধনী আনুষ্ঠানিকতার পাশাপাশি একটি সেমিনার, তিনটি মুক্ত আলোচনা এবং তিন পর্বে কবিতা-ছড়া পাঠ অনুষ্ঠিত হয়। পাশাপাশি নজরুল-চর্চায় আলোচনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রথম দিনের আসর প্রাণবন্ত হয়ে ওঠে।