জয়পুরহাটে ১৩টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো. রনজু সরকারকে (৩৩) গ্রেপ্তার করেছে এসআরবি। এ সময় তাঁর হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, গুলি ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুরের দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর জয়পুরহাট ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে। তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার, বিশেষ ক্ষমতা, অপহরণ ও চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

অভিযানে রনজুর হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দতালিকা তৈরি করে এসব আলামত জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রনজু সরকার ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।