রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কাছ থেকে একটি গুলিবিহীন বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর (মটকচর) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারচালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল আলিমের ছেলে মো. জাহিদ হোসেন (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে মো. রাতুল শেখ (২২)।
পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের ৫ সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেলে ৬ সদস্য ঘটনাস্থলে আসে। মোট ১১ জন সদস্য মিলে ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ তিনজনকে আটক করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জরিত ১১জনের মধ্যে ৩জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। বাকী ৮জনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এরমধ্যে ৩ জনের নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে।