চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে নগদ টাকা ও কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, ডাকাত দলটি দেশি-বিদেশি অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে। তাদের সবার পরনে সাদা বোরকা ছিল। এরপর তারা কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। পরে অফিসকক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে নগদ টাকা এবং কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এদিকে এর আগের রাতেও একই এলাকার জেএমআই এলপিজি কারখানা থেকে ক্যাবল চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সীতাকুণ্ডের শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় নিয়মিত চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।
শিল্পকারখানার পাশাপাশি এলাকার বসতবাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার এবং ক্ষেতখামার থেকে শাকসবজিও চুরি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার কিছু চোর, জুয়াড়ি ও মাদকসেবীর সঙ্গে বিভিন্ন এলাকার ডাকাতেরা এসব অপরাধে জড়িত।
ঘটনার পর শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।