প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করতে নাটোরে বিনামূল্যে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নাটোর সদর উপজেলার একডালায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, নাটোর প্রাণিসম্পদে সমৃদ্ধ ও উদ্বৃত্ত একটি জনপদ। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিদের সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। প্রাণিসম্পদের উন্নয়ন ও রোগ প্রতিরোধে খামারিদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকাড় জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে বিনামূল্যে ২০০টি ছাগলকে পিপিআর রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০টি গরু ও মহিষকে ক্ষুরারোগ (এফএমডি) এবং লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। এছাড়া ৩০০টি গবাদিপশুকে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।

তিনি আরও জানান, প্রাণিসম্পদের রোগবালাই নিয়ন্ত্রণ, পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় দিনে শুক্রবার নাটোর জেলার সব উপজেলায় একযোগে এ বিনামূল্যের টিকাদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হয়।