রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ ও বিভিন্ন থানা পুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা ওই মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার (২৭ নভেম্বর) আরএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ডিবি, এসআরইউ ও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক দল মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাহমখদুম থানার রায়পাড়ার মো. মাসুদ (৫৭), বড় বনগ্রাম কচুপাড়ার মুছা আহমদ খান মন্টু (৪০), এয়ারপোর্ট থানার বায়াপানপাড়ার আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), ভোলাবাড়ির সোবাহান ওরফে শুভ (৩০), দামকুড়া থানার গহমাবোন এলাকার মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুর থানার খারইল গ্রামের মো. ইকবাল হোসেন (৫২), মোহনপুরের মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), তানোর থানার কামারখাঁ গ্রামের মোহাম্মদ রুবেল শেখ (৩৮), দমদমা গ্রামের মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), রাজপাড়া থানার কেশবপুর ভেড়িপাড়ার ইদ্রিস আলম (৪২) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনির মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী। মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র।

এ ছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ। অন্য গ্রেপ্তার ব্যক্তিদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার নম্বর ৪৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।