চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় বিস্ফোরণে আহত মো. নাজমুল কবীর ওরফে নুরুলকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে এসআরবি-৫-এর একটি দল তাকে গ্রেফতার করে।
এ নিয়ে মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নাজমুল শিবগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী। বিস্ফোরণে তার দুটি চোখ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠসংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে টমাস (৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বার জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি। টমাস নামে এক যুবক শক্তিশালী বোমা বিস্ফোরনে নিহত হয়েছে। নিহত টমাস কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
টমাসের নামে শিবগঞ্জ থানায় ২০১৮,২০১৯ ও ২০২১ সালে একটি করে এবং ২০২৫ সালে ২ টিসহ মোট ৫ টি মামলা ছিল। ১৯ নভেম্বর বিনোদপুরে মিছিল করে আওয়ামীলীগ, মিছিল থেকে লক্ষ করে বোমা বিস্ফোরন ঘটায় মিছিলকারীরা। এনিয়ে ২০ নভেম্বর মামলা হয়। মনাকষা ও বিনোদপুরে মিছিল হতো টমানের নেতৃত্বে। টমাস একজন অস্ত্র জোগান দাতা ও সন্ত্রাসী বলে জানায় বিনোদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী দুরুল হোদা।
বিনোদপুরে এক ছাত্রদলকর্মীকে কয়েকদিন আগে হুমকি দিয়েছিল বলে জানা গেছে। বোমা বিস্পোরনে নিহত টমাস আলী (৩৫) শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মোঃ মর্তুজা আলির ছেলে । ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ ও অবিস্ফোরিত বোমা উধ্বার করেছে পুলিশ।
পুলিশ জানায়, টমাসসহ কয়েকজন ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটলে টমাস ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহতরা তাকে সেখানে ফেলে পালিয়ে যান। আহতদের মধ্যে নাজমুল ওরফে নুরুলও ছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এর আগে মো. রুবেল ইসলাম (২৩) ও রিফাত হাসানকে (১৮) গ্রেফতার করা হয়। তাদের দুজনের বাড়ি শিবগঞ্জের চাঁদশিকারি গ্রামে। সবশেষ এসআরবির সহায়তায় রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে নাজমুল কবীর ওরফে নুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ মামলায় এজাহারভুক্ত গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ায় তিনজনে।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।