দেশের বিমানবন্দরগুলোতে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয় এবং সংশ্লিষ্ট বিভাগে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় বিমানমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাতের উন্নয়নে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ বা ‘বার্ড হিট’ বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। তাই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের ঘটনাগুলো পর্যালোচনা করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

445df34b-50c1-4edd-b820-e0e6673eea96.png

তিনি বলেন, বিমানবন্দর এলাকায় পাখির চলাচল নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণীজনিত ঝুঁকি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম ও বন্দুক ক্রয় এবং জনবল নিয়োগের কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। নিরাপদ উড্ডয়ন অঞ্চল বা ‘সেফ ফ্লাই জোন’ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনায় সমন্বয় বাড়াতে প্রতি তিন মাস অন্তর জাতীয় কমিটির সভা আয়োজনের নির্দেশনা দেন বিমানমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন ও উন্নয়নে কাজ করছে। এ উন্নয়ন কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার হচ্ছে বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং পাখি ও বন্যপ্রাণীজনিত ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলা করা।