২৭ বলে শতরান করতে পারলেই সব ধরনের ক্রিকেট মিলিয়ে দ্রুততম বিশ্বরেকর্ড গড়ত বৈভব। উঠতি তারকাদের এশিয়া কাপে বিশ্বরেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে শতরান করেছে সে। ‘লিস্ট এ’ ক্রিকেটের ইতিহাসে এটি দ্রুততম শতরান। এক বলের জন্য সব ধরনের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়তে পারল না ভারতের ১৫ বছরের ক্রিকেটার।

 ২৭ বলে শতরান করতে পারলেই সব ধরনের ক্রিকেট মিলিয়ে দ্রুততম বিশ্বরেকর্ড গড়ত সে। ১০০ রানের মধ্যে ৮৪ রানই এসেছে ছক্কায়।

এই প্রতিযোগিতায় আগের দুই ম্যাচে রান পায়নি বৈভব। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৫০ রান তাড়া করতে নেমে প্রথম বল থেকেই হাত খোলা শুরু করে সে। অপর প্রান্তে অভিষেক শর্মা বলই পাচ্ছিলেন না। কারণ, শুরু থেকেই চার-ছক্কা মারছিল এই বাঁহাতি ব্যাটার।

মাত্র ১৬ বলে অর্ধশতরান হয় বৈভবের। সেটাও ছক্কা মেরে। অর্ধশতরানের পর রান তোলার গতি আরও বাড়ায় বৈভব। তার ব্যাট থেকে একের পর এক বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছিল। মাঝে এক ওভারে দু’টি বল বাউন্ডারির বাইরে জঙ্গলে পাঠিয়ে দেয় বৈভব। নতুন বল আনতে হয়। তার পরেও ছক্কা মারা থামেনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরান ২৭ বলে রয়েছে। এস্টোনিয়ার হয়ে সাইপ্রাসের বিরুদ্ধে সাহিল চৌহান এই রেকর্ড গড়েছিলেন। লিস্ট এ ক্রিকেটে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার জেক ফ্রেজ়ার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিরুদ্ধে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে শতরান করেছিলেন তিনি। দু’টি রেকর্ডই ভাঙার সুযোগ ছিল বৈভবের সামনে।

২৫ বলে ৮৯ রান করেছিল বৈভব। পরের দু’বলে ছক্কা মারলেই সব রেকর্ড ভেঙে যেত। প্রথম বলে ছক্কা মারলেও পরের বলে চার মারে বৈভব। পরের বলে আবার চার মারে ভারতীয় ব্যাটার। তার সঙ্গেই শতরান পূর্ণ হয়। ২৮ বলে ১০৩ রানের মধ্যে ৪টি চার ও ১৪টি ছক্কা মারে সে। অর্থাৎ, ১০০ রানই আসে চার-ছক্কায়। তিন রান দৌড়ে নিয়েছে বৈভব।