চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গোলরক্ষক দাভিদ রাইয়াকে হারাচ্ছে আর্সেনাল। কাঁধের চোটে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না স্প্যানিশ এই গোলরক্ষক। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না তার। ফলে দীর্ঘ সময়ের জন্য রাইয়াকে হারানোর শঙ্কা আপাতত কাটছে।


শনিবার (২১ নভেম্বর) প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। ম্যাচের ৭০ মিনিটে বাম কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন রাইয়া। তার জায়গায় নামেন কেপা আরিসাবালাগা। পরে পরীক্ষায় চোটের আশঙ্কা কিছুটা কমলেও ডর্টমুন্ডের বিপক্ষে তাকে পাচ্ছেন না কোচ মিকেল আর্তেতা।


সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাইয়ার অবস্থা নিয়ে কথা বলেন আর্সেনাল কোচ। আর্তেতা বলেন, ‘দুর্ভাগ্যবশত, সে আগামীকালের জন্য (ম্যাচের জন্য) ফিট নয়, অবশ্য তার চোট খুব গুরুতর মনে হচ্ছে না। আগামীকাল আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তবে পরিস্থিতি বেশ আশাব্যঞ্জক। ঘটনার পরপরই তার মধ্যে যে যন্ত্রণার প্রকাশ দেখা গিয়েছিল, তাতে আমরা সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম; তবে পরিস্থিতি আমাদের ধারণার চেয়ে ভালো মনে হচ্ছ।’

‘তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই, যেটি নিয়ে দুশ্চিন্তা ছিল, কারণ তেমনটা হলে তাকে কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো, দেখা যাক কী হয়।’

রাইয়ার অনুপস্থিতিতে গোলবারের নিচে কেপা কিংবা ইলান মেসিয়েরের একজনকে বেছে নিতে হবে আর্তেতাকে। দুজনই সোমবার অনুশীলন করেছেন। তবে কে একাদশে থাকবেন, তা নিয়ে আগেভাগে কিছু জানাতে চাননি আর্সেনাল কোচ।

রাইয়ার অনুপস্থিতি অবশ্য আর্সেনালের রক্ষণে বড় ধাক্কা। চলতি চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে মাত্র একবার পয়েন্ট হারিয়েছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা গানারদের লক্ষ্য সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেওয়া। ঘরের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতায়ও দারুণ ধারাবাহিক তারা। অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, গত মৌসুমের ফাইনালে টাইব্রেকারে হার বাদ দিলে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ১৯ ম্যাচে অপরাজিত আর্সেনাল; জয় ১৪টি, ড্র পাঁচটি।

তবে প্রতিপক্ষ ডর্টমুন্ডকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ঘরোয়া লিগে দুর্দান্ত ছন্দে থাকা জার্মান ক্লাবটি সর্বশেষ ম্যাচে বরুসিয়া মোনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারিয়ে বুন্ডেসলিগার শীর্ষে উঠেছে। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট, অবস্থান ১২তম। অর্থাৎ আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা।

ম্যাচটিতে বাড়তি নজর থাকবে এথান নুয়ানেরির দিকেও। আর্সেনালের এই তরুণ ফুটবলার বর্তমানে ধারে খেলছেন ডর্টমুন্ডে। নিয়ম অনুযায়ী, নিজের মূল ক্লাবের বিপক্ষে খেলতে তার কোনো বাধা নেই। ফলে এমিরেটস স্টেডিয়ামে পুরোনো সতীর্থদের বিপক্ষেই মাঠে নামতে পারেন ১৯ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার।

দুই দলের ইউরোপীয় লড়াইয়ের ইতিহাসও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগের আট দেখায় আর্সেনালের জয় চারটি, ডর্টমুন্ডের তিনটি; বাকি ম্যাচটি ড্র। তবে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। সর্বশেষ নয় ম্যাচের আটটিতেই হেরেছে তারা।