বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টস পিছিয়ে গেছে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টস হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি থামার কোনো নিশ্চয়তা না থাকায় কখন টস হবে, তা এখনও জানানো হয়নি।
আপাতত উইকেট ও এর আশপাশের অংশ ঢেকে রাখা হয়েছে কভার দিয়ে। সম্প্রচারেও দেখা গেছে, বেশ কিছুক্ষণ ধরে সেঞ্চুরিয়নে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
কিছুটা আশার আলো দেখা দেওয়ার পর আবারও বৃষ্টি শুরু হওয়ায় মাঠে ফিরেছে অপেক্ষা। ম্যাচের আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
টেম্বা বাভুমা ও ড্যান প্যাটারসনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি ও আনরিখ নরকিয়া। অন্যদিকে বাংলাদেশের একাদশ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। তবে চোটের কারণে হাসান মাহমুদ ও মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় একাদশে দুটি পরিবর্তন নিশ্চিত।