আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। ২০২৭ সালের হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেও যারা চূড়ান্ত নিবন্ধন করবেন না, তাদের জন্য সময় বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
অন্যথায় প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর ৬ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।