ঘরের মাঠে চরম বিপর্যয়ের মুখে পড়ল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ২০২৬ এমএলএস কাপ প্লে অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে সপ্তম বাছাই কলম্বাস ক্রু এসসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির দল।
এই হারে বেস্ট-অব-থ্রি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায়ের শঙ্কায় পড়েছে মায়ামি।
রবিবার সকালে মায়ামির নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল স্বাগতিকরা। ম্যাচের মাত্র নবম মিনিটে মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় কলম্বাস। স্পট-কিক থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন গোনসালো তাপিয়া।
ম্যাচে ফেরার চেষ্টায় থাকা মায়ামি বড় ধাক্কা খায় ৩৬তম মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড খড়গে লাল কার্ড দেখে ডিফেন্ডার গনসালো লুহান মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।
প্রথমার্ধের যোগ করা সময়ে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন অধিনায়ক লিওনেল মেসিও।
সহজ সুযোগ হাতছাড়া করায় বিরতির সময়ই অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে তুলে নেন মায়ামি কোচ।
বিরতির পর একজন কম নিয়ে খেলা মায়ামির ওপর আরো চড়াও হয় কলম্বাস। ৫২তম মিনিটে তাহা হাব্রুনের গোলে ব্যবধান ২-০ করে সফরকারীরা। এর ছয় মিনিট পর (৫৮তম মিনিটে) গোনসালো তাপিয়া নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় কলম্বাসের।
ম্যাচে মেসি কয়েকবার সমতায় ফেরার বা ব্যবধান কমানোর সুযোগ পেলেও কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত থাকতে হয় তাকে