পেশাদার ফুটবলে ৯৮৬তম গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর আর ১৪টি গোল প্রয়োজন। তবে তাঁর ক্লাব আল নাসেরের সৌদি প্রো লিগ জেতার সম্ভাবনা আরও কমল।
গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদার ফুটবলে ৯৮৬তম গোল করেও জেতালে পারলেন না আল নাসেরকে। সৌদি প্রো লিগের ম্যাচে আল আহলির কাছে ১-৩ গোলে হেরে গেল আল নাসের। গোল করলেও দলের হারের কিছুটা দায় সিআর সেভেনেরও। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে রোনাল্ডোর আর ১৪টি গোল প্রয়োজন।
অ্যাওয়ে ম্যাচের শুরুটা খারাপ করেনি আল নাসের। প্রথম থেকেই তারা আগ্রাসী মেজাজে ছিল। ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। ঠিক ৪ মিনিট পরেই ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল আল নাসের। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো। আল নাসের অধিনায়কের শট পোস্টে লেগে ফিরে আসে।
রোনাল্ডো পেনাল্টি নষ্ট করার পর খেলার গতি বদলে যায়। ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেন আল আহলির ফুটবলারেরা। তাদের আগ্রাসী ফুটবলের চাপে কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় আল নাসের। তবে সমতা ফেরাতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আল আহলিকে। প্রথমার্ধের সংযুক্ত সময় গোল করেন আল আহলির গালেনো।
দ্বিতীয়ার্ধেও রোনাল্ডোদের চেনা ছন্দে পাওয়া যায়নি। ঘরের মাঠে দাপট ধরে রেখেছিল আল আহলি। ৭১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ইভান টনি। ৭৫ মিনিটে আল আহলির পক্ষে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ফেলেন রজার ইবানেজ়। গোটা ম্যাচেই রোনাল্ডোকে ঘিরে রেখেছিলেন আল আহলির অন্তত দু’তিন জন ফুটবলার। পয়েন্ট নষ্ট করায় লিগ জয়ের আশা আরও কমল আল নাসেরের।
এই হারের ফলে ২৮ পয়েন্ট নিয়ে আল নাসের রয়েছে তৃতীয় স্থানে। ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল আহলি। প্রথম দু’টি স্থানে রয়েছে আল হিলাল এবং আল কাদসিয়া। দু’দলেরই পয়েন্ট ৩০। গোল পার্থক্যে এগিয়ে রয়েছে আল হিলাল