১৮ দলের লিগে এফসি কোলন রয়েছে ১৪তম স্থানে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ রয়েছে শীর্ষে। তারওপর ম্যাচটি বায়ার্ন খেলেছে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়; কিন্তু জার্মান বুন্দেসলিগায় এই এফসি কোলনের কাছেই হোঁচট খেয়েছে বায়ার্ন। ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরুতেই হ্যারি কেইনকে চোটের কারণে হারানো বায়ার্ন পুরো ম্যাচে বলের দখল বেশি রাখলেও কোলনের সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের সামনে বারবার আটকে গেছে। শেষ পর্যন্ত গোলরক্ষক ইয়োনাস উরবিগের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ এবং প্রতিপক্ষের সুযোগ নষ্ট করার কারণে হার এড়াতে পেরেছে স্বাগতিকরা।
ম্যাচের ১২ মিনিটে বায়ার্ন গোলরক্ষক ইয়োনাস উরবিগকে পরাস্ত করে কোলনকে এগিয়ে দেন মিকি মুর। দ্বিতীয়ার্ধেও তার আক্রমণাত্মক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার পাস থেকেই সাইদ এল মালা কাছ থেকে শট নিয়ে উরবিগকে পরীক্ষা করেন।
৩৭তম মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান নাথানিয়েল ব্রাউন। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে কোলনের জালে বল জড়ান তিনি। মারভিন শোয়েবের নাগালের বাইরে দিয়ে বল জালে পাঠানোর আগে বক্সের প্রান্তে নিজের জন্য সামান্য জায়গা তৈরি করে নিয়েছিলেন ব্রাউন।
ম্যাচের সেরা গোলরক্ষকসুলভ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ইয়োনাস উরবিগ। তার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না থাকলে কোলন তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারত। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সফরকারীরা যখন জয়সূচক গোলের জন্য চাপ বাড়াচ্ছিল, তখন উরবিগের দৃঢ়তা বায়ার্নকে ম্যাচে টিকিয়ে রাখে।
এই ড্র-য়ের পর ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েচে বায়ার্ন। যদিও বরুশিয়া ডর্টমুন্ড পরের ম্যাচ জিতেই শীর্ষে উঠে যাবে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে এফসি কোলন।