আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরতে কামনায় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে গণমাধ্যমে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটির তাৎপর্য তুলে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র বের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (২১ নভেম্বর)সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে।

এতে আরও বলা হয়, এদিন বাদ ফজর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরেও বর্ণাঢ্য আয়োজন

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, টাঙ্গাইলের ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর, রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বর্ণাঢ্য এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপরদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজগুলোকে বিশেষভাবে সাজিয়ে নোঙর করে রাখা হবে। বেলা ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণ তা দেখার সুযোগ পাবেন।